আন্তর্জাতিক ডেস্ক, সিটিনিউজবিডিঃ যুদ্ধ-সংঘাতের কারণে সিরিয়ায় হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। দেশটিতে রুশ বাহিনীর বিমান হামলায় শুধুমাত্র আলেপ্পো শহরেই প্রায় ৫০ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস (আইসিআরসি)।
আইসিআরসি জানিয়েছে, সিরিয়ায় মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে আলেপ্পো শহরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছে শহরের মানুষ। সিরিয়া কর্তৃপক্ষ রাশিয়ার বিমান শক্তির সাহায্যে বিদ্রোহীদের দখলকৃত এলাকা পুণরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রুশ বিমান বিভিন্ন এলাকায় জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের দাবি করছে তাদের এসব হামলা শুধুমাত্র জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করেই চালানো হচ্ছে। তবে সিরিয়ায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এবং স্থানীয় নাগরিকদের দাবি রুশ বিমান অনেক বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে। এতে শিশুসহ বহু বেসামরিক নিহত হয়েছে।
এদিকে সিরিয়ার বাস্তুহারা মানুষের চাপ অনেকটা তুরস্কের ওপরও পড়ছে। দেশটির সীমান্তে প্রায় ৩০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে।
আইসিআরসির এক বিবৃতিতে বলা হয়েছে, শরণার্থীদের সাহায্য করার জন্য ব্যবহৃত রুট বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে সাধারণ নাগরিকদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে।
তাছাড়া এখন আবহাওয়াও ভালো নয়। নিম্ন তাপমাত্রা এবং প্রচন্ড ঠান্ডা, খাদ্য সরবরাহ পর্যাপ্ত না থাকা, পানি এবং আশ্রয়ের অভাবে উদ্বাস্তু মানুষেরা নিরাপত্তাহীনতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছেন।
প্রচন্ড শীতে ছোট শিশু এবং বয়স্করা দিনের পর দিন চরম ঝুঁকি নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। গত পাঁচ বছরে তুরস্ক ২৫ লাখেরও বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
