বিনোদন : ভালোবাসার পথ বেশির ভাগ ক্ষেত্রেই খুব একটা সরল নয়, বরাবরই বন্ধুর। কয়েকবছর ধরে এমন গল্পের নাটকের দেখা মিলছে টেলিভিশনে। উপলক্ষ্য ভালোবাসা দিবস।
একটি নামি টুইপেস্ট ব্র্যান্ডের সৌজন্যে নির্মিত হয়ে আসছে নাটকগুলো। এবারের তিনটি নাটককে একসঙ্গে বলা হচ্ছে ‘কাছে আসার সাহসী গল্প’। দর্শকের গল্পে নাটকগুলো নির্মাণ করেছেন নামি নির্মাতারা। আর অভিনয়ও করেছেন প্রিয় তারকারা।
যখন বাস্তবতার আড়ালে হারিয়ে যায় জীবন, সবকিছু হয়ে যায় ধোঁয়াটে, মনে হয় সম্পর্ক অনেক জটিল। সম্পর্কের এই নড়বড়ে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সাকিব, আনীষা ও জন। তাদের গন্তব্য কোথায়। আফসানা কাশেম মিমির লেখা এমন গল্পের ‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। আর অভিনয় করেছেন জন, মেহজাবিন ও তাহসান। এর মধ্যে ‘ব্ল্যাক’ ব্যান্ডের প্রাক্তন দুই সদস্যকে নিয়মিত দেখা যায় ভালোবাসা দিবসের নাটকে। দুইজনকে একই নাটকে দেখা যাওয়া চমক বৈকি!
মিষ্টি মেয়ে তরী ও শান্ত ছেলে হিমাদ্র পড়ে একই বিশ্ববিদ্যালয়ে। তাদের অনুভূতি একই। কিন্তু কী এক বাধা তাদের মাঝে। তারা কি পারবে একটু সাহসী হয়ে কাছে আসতে। শাকিল আহমেদ রিসানের রচনায় ‘পেন্সিলে আঁকা ভালোবাসা’ পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি শখ ও নিলয়। ভালোবাসা দিবসের নাটকে তো তাদেরই মানায়!
মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘শত ডানার প্রজাপতি’ নাটকের গল্প এমন, চট করে ক্ষেপে যাওয়া তরুণী সুকন্যা হঠাৎই বুঝতে পারে মামনুনের ভালোবাসা, তখন ওদের সামনে অনেক বাধা! তারা কি পারবেন সেই বাধা রুখতে? শিহাব আর-রাশাদের লেখায় অভিনয় করেছেন হালের দুই ক্রেজ জোভান ও সাবিলা নূর।
তিনটি নাটক ব্যাক টু ব্যাক দেখা যাবে ভালোবাসা দিবসের রাতে, বাংলাভিশনে।
