সিটিনিউজবিডিঃ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে ‘জোর পূর্বক’ প্রেসিডেন্ট বশির আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হবে। শনিবার জার্মানির মিউনিখে সেএনএন’য়ের ক্রিস্টিনা আমানপোরকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এ মন্তব্য করেছেন।
তিনি বলেন,‘আমি বিশ্বাস করি বশির আল আসাদ এখন দুর্বল হয়ে পড়েছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার এখনই সময়।’
তিনি এমন এক সময়ে এ কথা বললেন যখন সে দেশটিতে সেনা পাঠাতে শুরু করেছে রিয়াদ। সিরিয়াতে স্থল অভিযান চালানোর লক্ষ্যে তুরস্কের ‘ইনকিরলিক’ সেনাঘাঁটিতে সৈন্য পাঠাতে শুরু করেছে সৌদি। সেই সঙ্গে ওই বিমানঘাঁটিতে জড়ো করা হচ্ছে সৌদি আরবের জঙ্গি বিমানও। সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে তুর্কি ভূখণ্ড থেকে সিরিয়াতে স্থল হামলার পরিকল্পনা করছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন,‘বশির আল আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন নইলে তাকে জোর করে তাড়াতে হবে।’ তিনি বলেন,‘আমরা এটি নিশ্চিত করতে চাই যে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই তার পতন ঘটবে। রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে শুরু হবে শক্তির প্রয়োগ।’
বশির আল আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
