পুলিশের পরিচয়ে প্রতারক প্রকৌশলী আটক

0

চট্টগ্রাম অফিস : পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়ানো এক প্রকৌশলীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। হিমাদ্রি বিশ্বাস (২৮) নামে ওই যুবক হ্যাকিংয়ে বিশেষভাবে পারদর্শী বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ১টার দিকে হিমাদ্রিকে আটক করা হয়েছে।

সূত্রমতে, হিমাদ্রি বিশ্বাস রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের সুপক কুমার বিশ্বাসের ছেলে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে হিমাদ্রি সম্প্রতি বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ান বলেন, হিমাদ্রি পুলিশ পরিচয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করেছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। সে হ্যাকার হতে পারে। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কোন প্রমাণ কিংবা অভিযোগ পাইনি।

হিমাদ্রি নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে আলহাজ্ব আবু মোহাম্মদ ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন। তাকে ওই বাসা থেকেই রাতে পুলিশ আটক করেছে। হিমাদ্রির কাছ থেকে ‘অফিসার, স্শোল ব্রাঞ্চ, চিটাগং ডিভিশন’ লেখা প্রায় দুইশ ভিজিটিং কার্ড, একই ধরনের লেখাসম্বলিত সিল, স্ট্যাম্পপ্যাড, পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের কয়েকটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

হিমাদ্রি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এবং ফেসবুক আইডি ও ই-মেইল হ্যাক করে মানুষের কাছ থেকে টাকাপয়সা আদায় করতো বলে তথ্য পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

যাচাইবাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুসুম দেওয়ান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.