আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনে জীবাণুমুক্ত করার অ্যালকোহলযুক্ত জেল খেয়ে নেশা করছে অনেক তরুণ-তরুণী। দেশটির পশ্চিম ভার্মল্যান্ড প্রদেশের কার্লসকোগা শহরে সাম্প্রতিক সময়ে কমবয়সীদের মধ্যে এধরনের অ্যালকোহলযুক্ত জেল খাওয়ার প্রবণতা অনেক বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসব ব্যাকটেরিয়া নাশকারী জেল যেন সবার হাতে পৌঁছাতে না পারে সে বিষয়ে ফার্মেসিগুলোকে বিশেষ নির্দেশ দিয়েছে পুলিশ ।
স্থানীয় সরকারের মুখপাত্র স্টেফান সান্ড জানিয়েছেন, ‘অনেক তরুণ-তরুণী অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।তারা জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত জেল বা হাত ধোয়ার বিশেষ জীবাণুনাশক পান করে নেশা করেছিল। তবে ওই পানীয়কে সুস্বাদু করতে এর সঙ্গে ফলের রস মিশিয়ে পান করেছে তারা।’
তিনি আরো জানিয়েছেন ফার্মেসিগুলোর কাউন্টার থেকে এসব জেল সরিয়ে নেয়ার বিষয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু হাত জীবাণুমুক্ত করার এসব জেলে ৮৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল পাওয়া যায়। যা সত্যিই খুব উদ্বেগজনক। আর একারণে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
দেশটিতে সরকারি নিয়ম অনুসারে, ২০ বছরের কম বয়সী কেউ অ্যালকোহল জাতীয় কোনও পানীয় কিনতে পারে না। কিন্তু মদের দোকান বা বারগুলোতে আঠারো বছর বয়সীদের কাছেও এসব পানীয় বিক্রি করা হচ্ছে।
শুধু সুইডেনে নয়, বিশ্বের অনেক দেশেই হাত জীবানুমুক্ত করার এসব জেল নেশার জন্য ব্যবহার করা হয়।
