ট্রাম্পকে সমর্থন ক্রিস্টির

0

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। তাকে নিয়ে একটা বিতর্ক শেষ হতে না হতেই নতুন আরও কিছু ঘটিয়ে সবাইকে চমকে দিচ্ছেন এই ধনকুবের ব্যবসায়ী। সম্প্রতি বড় ধরনের এক চমক নিয়ে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী ক্রিস ক্রিস্টির সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টিকে ট্রাম্পের সঙ্গে দেখা গেছে। শুধু তাই নয় তিনি ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

এই ঘটনাকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের লড়াইয়ের সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এর আগে এধরনের ঘটনা ঘটেনি। মাত্র দু সপ্তাহ আগেও দলীয় মনোনয়নের লড়াইয়ে এই দুই প্রার্থী ছিলেন পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী। প্রাথমিক নির্বাচনে আশানুরূপ ফলাফল না পাওয়ায় দলীয় মনোনয়ন লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিস্টি। তবে আসন্ন নির্বাচনে নিজে সরাসরি না থাকলেও নির্বাচনে তার দলের প্রার্থীদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন তিনি। আর সেটারই প্রমান দিলেন নির্বাচনে ট্রাম্পের পাশে থেকে।

ট্রাম্পকে সমর্থনের বিষয়ে ক্রিস্টি বলেন, ডোনাল্ড ট্রাম্পই তাদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে পারবেন। রিপাবলিকান দলে ট্রাম্পকেই তিনি হিলারির বিপরীতে সবচেয়ে বেশি উপযুক্ত মনে করেন। আর একারণেই তিনি ট্রাম্পকে সমর্থন করছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.