ঢাকা : দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য হাই কোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর বকশি বাজারস্থ আলীয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে আইনজীবী একথা বলেন।
এর আগে মামলার কার্যক্রমের শুরুতে আদালতে খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি আদালতকে খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে অবহিত করে তার পক্ষে দুটি আবেদন করেন।
এ সময় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
অন্যদিকে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
আর এ দুই মামলার বাদী হলেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুন-অর রশিদ খান।

Comments are closed.