চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন,‘ আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ সূত্রতার কারণে নাগরিক প্রত্যাশা ও সেবা পূরণ হয় না ।’
বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জাইকা সহায়তা পুষ্ট সিটি গভর্নেন্স প্রজেক্টের আওতায় গঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির (এআরসি) কর্মশালার উদ্বোধনী বক্তব্যে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন,‘ আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ সূত্রতার কারণে নাগরিক প্রত্যাশা পূরণ ও সেবা প্রাপ্তিও অনেকাংশে বাধাপ্রাপ্ত হয়।’
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি বিভাগ ও শাখার প্রধানদের পদবী দীর্ঘদিন খালি থাকার কারণে নাগরিক প্রত্যাশা বাস্তবায়নে এ জটিলতা সৃষ্টি হচ্ছে। এছাড়াও যথাসময় ও যথানিয়মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেও প্রত্যাশা পূরণে দীর্ঘসুত্রতা দেখা যাচ্ছে। ’
দায়িত্বশীলদের সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করে চসিক মেয়র বলেন,‘ দায়িত্বশীলদের সক্ষমতার ওপর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে। নতুন জনবল কাঠামোর অনুমোদন পাওয়া গেলে সিটি করপোরেশনের কাজে গতিশীলতা আনা সম্ভব হবে। ১৯৮৮ সালের মিউনিসিপ্যাল করপোরেশনের জনবল কাঠামো দ্বারা ২০১৬ সালের সিটি করপোরেশন পরিচালনা দুরূহ হয়ে পড়েছে।’
চসিকের সম্পদ কাজে লাগিয়ে সিটি করপোরেশন স্বাবলম্বী হচ্ছে উল্লেখ করে মেয়র অারো বলেন,‘ চসিকের সম্পদ কাজে লাগিয়ে অর্জিত আয় ও হোল্ডিং ট্যাক্স আদায়ে গতিশীলতা আনার মধ্য দিয়ে সিটি করপোরেশনকে একটি স্বাবলম্বী সেবাধর্মী প্রতিষ্ঠানে উন্নীত করার চেষ্টা চলছে।এ কারণে ছয় মাসের মধ্যে অনেক জোড়াতালি দিয়ে চসিককে কিছুটা গতিশীল করতে সক্ষম হয়েছি।’
কর্মশালায় সিটি করপোরেশনের বর্তমান পরিসেবা তুলে ধরে আগামী ১০-১৫ বছরের কাঙ্খিত ভবিষ্যৎ অবস্থা, প্রশাসনিক পুনর্বিন্যাস কর্মকান্ডের কার্যতালিকা, এআরসি ও সিডিইউ এর কার্যপরিধি, দায়-দায়িত্ব,কার্যক্রমের প্রক্রিয়ার মধ্যে ভিশন ও মিশন, কার্যক্রমের পর্যালোচনা ও জবডেসক্রিপশন কাইজেন তুলে ধরেন।
কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন, উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.