চট্টগ্রাম : নগরীর কোতয়ালী থানার লাভ লেইন এলাকায় সন্ত্রাসী দিয়ে একটি ভবন দখলের অভিযোগ করেছেন আনোয়ারা বেগম নামে এক নারী।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম বলেন, ‘আমি একজন সাধারণ গৃহিণী। আজগর আলী খান নামে একজনের সাথে আমার বর্তমান বসত ভবন নিয়ে মামলা চলছে। বুধবার সকালে ২০/৩০ জন যুবক বিভিন্ন লাঠিসোঠা ও দেশীয় দা কিরিচ হাতে নিয়ে এসে আমার ভবন দখলে নিয়েছে। এসময় তারা আমার সেজ ছেলে নুর হোসেনের সন্তান সম্ভাবনা স্ত্রী ফাহিমা আক্তার জেনিকে মারধর করে। তিনি বর্তমানে মেট্টোপলিটন হাসপাতালে ২০৯ কেবিনে চিকিৎসাধীন আছেন।’
তিনি আরো বলেন, ‘গত আগস্ট মাসে আমার প্রতিপক্ষ আজগর আলী খানসহ স্থানীয় সন্ত্রাসী হিরো ও নাজিমের নেতৃত্বে গভীর রাতে আমার ঘরে হামলা করে পরিবারের মহিলা সদস্য শিশুসহ পরিবারের অন্যান্যদের আঘাত করে। আমার ঘরের আসবাব পত্র তছনছ করে টাকা পয়সা সহ গয়না ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এ ঘটনায় মামলা করতে গেলে হামলাকারীরা সরকার সমর্থিত দলীয় লোক হওয়ায় পুলিশ আমাদের মামলা গ্রহণ করেননি। পরে আমি কোর্টে মামলা করি।’
আনোয়ারা বেগমের দাবি- সন্ত্রাসীরা বুধবার সকালে তার পরিবারের ছোট বড় সব সদস্যদের জোর করে ঘর থেকে বের করে দেয়। হাতুড়ি দিয়ে বসত ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলে। ঘরের আসবাব পত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ভবনের দখল নিয়েছে।
এসময় তিনি আইন প্রয়োগকারী সংস্থার নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগমের পরিবারের অন্যান্য সদস্য খুরশিদা বেগম, নাসরিন আক্তার, শামীমা বেগম প্রমুখ।

Comments are closed.