বাংলাদেশ উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে

চট্টগ্রাম: বাংলাদেশ উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অভূতপূর্ব ও ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ‘বাংলাদেশের উচ্চ শিক্ষাচিত্র : অগ্রগতি, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে চবি শিক্ষক সমিতি।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, বাংলাদেশের উচ্চ শিক্ষার বর্তমান চিত্র অত্যন্ত আশাব্যঞ্জক। দেশে সৎ, দক্ষ, যোগ্য দেশপ্রেমিক ও আলোকিত মানব সম্পদ উৎপাদনে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে।

উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নানাবিধ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা, জ্ঞান গবেষণায় সুযোগ-সুবিধার অপ্রতুলতাসহ বিভিন্ন কারণে আমরা এখনও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। বর্তমান সরকার উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নত সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি তথা সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণে নানাবিধ দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।

শিক্ষক-গবেষকদের নতুন জ্ঞান অনুসন্ধানের আহ্বান জানিয়ে চবি উপাচার্য বলেন, উচ্চ শিক্ষা স্তরে যে গুণগত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এতে উচ্চ শিক্ষার সম্ভাবনার দ্বার ক্রমান্বয়ে উন্মুক্ত হচ্ছে। সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক ও আলোকিত মানব সম্পদে রূপান্তর হয়ে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রগতিতে কাঙ্খিত ভূমিকা রাখবেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।  চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপ কমিটির আহবায়ক ও মডারেটর অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি অর্থনতি বিভাগের ইউজিসি অধ্যাপক ড. মইনুল ইসলাম, ফেলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি অধ্যাপক ড. এম আলী আজগর, চবি ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ এবং সুপ্রভাত বাংলাদেশ এর উপদেষ্টা সম্পাদক কবি আবুল মোমেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.