বিনোদন : নিশো-শখ স্বামী স্ত্রী। জীবনের তাগিদে রাজধানীতেই তাদের বসবাস। হঠাৎ নিশোর বাবা মুত্যুকে কেন্দ্র করে তাদের ছুঁটে যেতে হয় জেলা শহরের ছোট্ট বাড়িটিতে। সেখানেই নিশো ও তার ভাইয়ের সঙ্গে বাবার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং সেটা যে একসময় মুক্তিযুদ্ধের অংশ হয়ে দাঁড়ায় তাই দেখানো হয়েছে নাটকে। নাটকটি রচনা করেছেন সারওয়ার রেজা জিমি। পরিচালনায় ছিলেন তুহিন হোসেন।
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকায় নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত দুই ভাই রাশেদ আর কবির হঠাৎই তাদের বাবার মৃত্যুসংবাদ পেয়ে স্ত্রী, পরিবার নিয়ে হাজির হয় জেলা শহরের বাড়িটিতে। তাদের বাবা মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান এই শহরেই সফল ব্যবসায়ি হিসেবে সম্মানের জীবন কাটিয়ে সদ্য প্রয়াত হয়েছেন। তার আকস্মিক মৃত্যু এই পরিবারের কর্ত্রী জেবুন্নেসা আর তার দুই পুত্র-পুত্রবধূ-নাতনির জন্য যেন একটি পুনর্মিলনীর উপলক্ষ হয়ে ওঠে। কিন্তু এই পারিবারিক পুনর্মিলনীতে সহসাই নিদারুণ আঘাত হয়ে আসে একটি সংবাদ। পারিবারিক উকিল জানান আকতারুজ্জামান তার সম্পত্তির একটি বড় অংশ উইল করে লিখে দিয়ে গেছেন এক নারীকে, যাকে এই পরিবারের কেউ চেনে না। এই রহস্যময় নারীকে ঘিরে শুরু হয় নাটকীয়তা। বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের জীবনভর অর্জিত মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায়। খোদ তার সন্তানেরা নিজের পিতাকে নিয়ে দ্বিধায় ভুগতে শুরু করে। শুরু হয় সত্যানুসন্ধান। যার মধ্য দিয়ে উন্মোচিত হয় মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধোত্তর প্রজন্মের অবক্ষয় আর মানবসম্পর্কের সূক্ষ্মাতিসূক্ষ্ম টানাপোড়েনের এক সংবেদনশীল আখ্যান।
আফরান নিশো ও আনিকা কবির শখ ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, একে আজাদ সেতু, ছাবিহা চৌধুরী, এবং মিতা চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Comments are closed.