চট্টগ্রাম অফিস : প্রতারণার দায়ে এক নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ চক্রটি অভিনব কায়দায় মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায় করতো। মোবাইলে বিভিন্নভাবে ফাঁদে ফেলে বাসায় ডেকে এনে আটক করে ওই মহিলার সাথে প্রথমে ছবি তোলে। পরবর্তীতে ভয় ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। এদিকে লোকলজ্জার ভয়ে ভিকটিমরা কেউ এসব ঘটনা প্রকাশ করে না।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ঈদগাঁ এলাকার রূপসা ব্যাটারি মোড় ও রামপুর ফকির গলি থেকে জিতু ও মামুনকে গ্রেফতার করা হয়। এসময় মামুনের কাছ থেকে একটি ছিনতাই করা আইফোন-৪ উদ্ধার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া থেকে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত সপ্তাহে নগরীর বিভিন্ন জায়গায় এধরনের তিনটি অপরাধ করেছে। এ বিষয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.