ইকুয়েডরে আবারো ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক : ইকুয়েডরে আবারও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এদিকে প্রথম দফায় গত শনিবারের ভূমিকম্পে এখনও নিখোঁজ রয়েছে ১ হাজার ৭শ’ মানুষ। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে এরই মধ্যে ৫২৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ হাজার ৬০৫ জনের মতো আহত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৫৪ জনকে। দেশটির প্রায় ৮শ’ অবকাঠামো ধসে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

পাডেরনালেস ও মান্টার মতো উপকূলীয় শহরগুলোতে শিকারি কুকুর ও যান্ত্রিক খননযন্ত্রসহ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। মৃতদেহগুলো থেকে এরই মধ্যে বাতাসে গন্ধ ছড়াতে শুরু করেছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও উদ্ধারকর্মীরা দুর্গতদের সহায়তায় ঘটনাস্থলে ছুটে গেছে। তারা ধ্বংসস্তূপের ভেতর চাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধারে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলে খনন কাজ চালিয়ে যাচ্ছে।

রাজধানী কুইতোয় উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়েগো ফুয়েন্টেস সাংবাদিকদের বলেন, ‘আমরা তালিকাভুক্ত ২ হাজার লোকের সন্ধানে তল্লাশি চালাচ্ছি। কিন্তু আমরা এ পর্যন্ত ৩শ’ জনের সন্ধান পেয়েছি।’ বাকি ১৭শ’ এখনও নিখোঁজ।

উদ্ধার ও ত্রাণকাজে কলম্বিয়া, মেক্সিকো, এল সালভাদর, স্পেন ও অন্যান্য দেশের কয়েকশ’ জরুরি কর্মী ইকুয়েডরের কর্মকর্তাদের সহায়তা করছে।

এই ভূমিকম্পে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, ভূমিকম্পে ১ লাখ ৫০ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্প্যানিশ রেডক্রস অনুমান করেছে যে, ইকুয়েডরে ১ লাখ লোকের জরুরি সহায়তা প্রয়োজন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.