ভোটকেন্দ্রে গত রাতেই আওয়ামী সন্ত্রাসীরা ব্যালট বাক্স ভরে ফেলেছে – রিজভী

নিজস্ব প্রতিবেদক  :   বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। কুমিল্লার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটি) পরিষদ নির্বাচনে সব ভোটকেন্দ্রে গত রাতেই আওয়ামী সন্ত্রাসীরা ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে ফেলেছে। শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া, ইছাপুর, লামচর, চণ্ডীপুর ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে।  এ ছাড়া জেলার অন্য সব ইউপিতে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে, ব্যালট বাক্স ছিনতাই এবং দেদার ব্যালট পেপারে সিল মেরেছে এসব কথা সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই কথা বলেন। ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের চিত্র তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন প্রাণঘাতী রক্তাক্ত সহিংসতা ঠেকাতে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। কারণ, ভোট ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের এক হাতে টাকা অন্য হাতে অস্ত্রের ঝলকানি, আর তাদের মাথায় আপার আশীর্বাদ। যে আপা প্রধানমন্ত্রিত্বের গদি জোর করে দখল করে রেখেছে। সুতরাং এই সমস্ত গুন্ডা-পান্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঝুঁকি নিচ্ছে না নির্বাচন কমিশন। কারণ ঝুঁকি নিলে যদি চাকরি চলে যায়!
রিজভী বলেন , প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের সহিংসতা রোধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ দিয়েছেন, তা দেশবাসীর কাছে রসিকতা বলে মনে হয়েছে । ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনেও সরকারি দলের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ব্যাপক ‘তাণ্ডব’ চালানোর অভিযোগ এনেছে বিএনপি ।
রিজভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ, গাজীপুর, কক্সবাজার, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, মাগুরাসহ সব জেলায় নানা ধরনের অনিয়ম হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে সিল মেরেছেন। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ভয়ভীতি দেখানো হয়েছে, সরকারি দলের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় ‘তাণ্ডব’ চালিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.