চট্টগ্রাম : নগরীর চকবাজার থানার প্যারেড কর্ণার থেকে অপহৃত রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. শহীদকে (৫৫) কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে মহেশখালী উপজেলার হোয়াং এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, অপহৃত মো. শহীদ নগরীর রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী এবং কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা। গত ২১ এপ্রিল (বৃহস্পতিবার) চকবাজার থানার ডিসি রোডে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। ওই দিন সকালে হাঁটার উদ্দেশ্যে প্যারেড কর্ণার এলাকায় এলে কয়েকজন অপহরণকারী তাকে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
চকবাজার থানার এসআই এস এম আতিকুল্লাহ বলেন, ‘ব্যবসায়ী শহীদকে অপহরণের ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করে তার পরিবার। মামলার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ীকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। পরে গতকাল রাত দেড়টার দিকে মহেশখালী উপজেলার হোয়াং এলাকার পাহাড়ি জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী শহীদকে উদ্ধার করা হয়।’

Comments are closed.