নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম কার শেড উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ (৭ মে) শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী এ কারশেডের উদ্বোধন করেন।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, সংসদ সদস্য দিদারুল আলম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।
সূত্রে জানাযায়, এ কার শেডে একসাথে ৯০০ গাড়ি রাখা যাবে। এতদিন বন্দর জেটিতে খোলা আকাশের নিচে গাড়ি থাকায় প্রায়ই চাকা ও যন্ত্রাংশ চুরির অভিযোগ করতেন আমদানিকারকরা। রোদ-বৃষ্টিতেও অনেক গাড়ি নষ্ট হতো। নতুন এ কার শেডের ছাউনি দেওয়া হয়েছে ইস্পাতের (স্টিল) কাঠামো দিয়ে। শেডের আয়তন এক লাখ ৯২ হাজার বর্গফুট। ২০১৪ সালের ৯ মে এটি নির্মাণের কাজ শুরু হয়।

Comments are closed.