চট্টগ্রাম : চট্টগ্রামে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, হামলা ও জালভোটের ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আজ (৭ মে) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আলী সিদ্দিকী জানান, দুই পক্ষের লোকজন এসে প্রায় ৫০০ ব্যালট ছিনতাই করে নিয়ে গেছে। তাই ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার দলীয় প্রার্থী আলমগীর জামানের চাচাতো ভাই ওসমানের নেতৃত্বে একদল লোক এসে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে। এদিকে হামলার সময় তারা ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ২নং ওয়ার্ডের সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় হামলা, ব্যালট বাক্স ছিনতাই ও জালভোটের ঘটনায় ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হুমায়ুন কবির জানান, কেন্দ্র দখল নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাই ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। অপরদিকে একই ওয়ার্ডের হেদাই চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এ ইউনিয়নের বিএনপি প্রার্থী জসিমউদ্দিন জিকু অভিযোগ করে বলেন, সকাল ১০টার মধ্যে নৌকার লোকরা এসে সব ভোট দিয়ে দিয়েছে। তারা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। ব্যালট বাক্স কেড়ে নিয়ে দেদারসে জালভোট দিয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটরদের লম্বা লাইন। ভোটররা ভোট দেয়ার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু ভোটগ্রহণ বন্ধ রয়েছে। অনেকেই ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন।

Comments are closed.