চকরিয়ায় চিংড়িজোনের ডাকাতি, আহত ৩

জামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে চিংড়ি জোনের একটি মৎস্য প্রকল্পে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ওইসময় সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে তিন কর্মচারীকে গুলি করে ও ছুরিকাঘাতে জখমের পর লুটে নিয়ে গেছে মাছসহ অন্তত সাড়ে ৩লাখ টাকার মালামাল। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের চিলখালী এলাকায় ঘটেছে এ ডাকাতির ঘটনা। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতেরা হলেন মৎস্য প্রকল্পের কর্মচারী মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের শামশুল আলমের ছেলে আবুল কালাম (৩৪), আলী আহমদের ছেলে আবদুল করিম (৩২) ও রশিদ আহমদের ছেলে শাকের আলী (২৮)। আহতদের মধ্যে আবুল কালাম ও আবদুল করিমকে গতকাল শুক্রবার সকালে আশঙ্খাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চকরিয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মৎস্য প্রকল্পের আহত কর্মচারী শাকের আলী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে একদল ডাকাত গুলি ছুঁড়তে ছুঁড়তে মৎস্য প্রকল্পে ঢুকে। এ সময় প্রথমে তাদের একজন কর্মচারী গুলিবিদ্ধ হন। পরে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করা হলে তাঁরা লম্বা ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনিসহ মৎস্য প্রকল্পের তিন কর্মচারী কোমরে, ঘাড়ে ও হাতে কাটা জখম হয়েছেন।মৎস্য প্রকল্পের মালিক চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার মোহাম্মদ খোকন অভিযোগ করেছেন, বৃহস্পতিবার রাতে পাশের উপজেলা মহেশখালীর চিহ্নিত ডাকাত সর্দার বজল আহমদের নেতৃত্বে সহযোগি জাফর ও আবুল হোসেনসহ ১০-১২ জন সশস্ত্র ডাকাতদল তাঁর মৎস্য প্রকল্পে হানা দেয়।

এসময় তাঁরা কর্মচারীদের কুপিয়ে ও গুলি করে আহত করে লুটে নিয়ে গেছে মাছ, জাল ও একটি পাম্প মেশিন সহ সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল।জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, মৎস্য প্রকল্পে হামলার ঘটনায় আহতদের আমি দেখেছি। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযুক্ত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.