উত্তর প্রদেশের নির্বাচনে প্রিয়াঙ্কাকে চান সমর্থকরা

আন্তর্জাতিক : আগামী বছর উত্তর প্রদেশে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার চালানোর জন্য প্রিয়াঙ্কা গান্ধীকেই চাইছেন দলের নির্বাচনী কৌশল প্রণেতা প্রশান্ত কিশোর। দলকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন চৌকস এ নির্বাচনী প্রচার কর্মকর্তা। প্রশান্ত কিশোর জানান, উত্তর প্রদেশ কংগ্রেসের কর্মী-সমর্থকরা প্রিয়াঙ্কাকে নির্বাচনী মাঠে নামার দাবি জানিয়েছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রিয়াঙ্কা গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন মা ও ভাইয়ের পক্ষে। তবে সে প্রচার সীমাবদ্ধ ছিল রায় বেরিলি আর আমেথিতেই। কিন্তু সম্প্রতি দিলি্লতে অনুষ্ঠিত এক সভায় প্রশান্ত কিশোর পুরো উত্তর প্রদেশেই নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কার উপস্থিতি চেয়েছেন। প্রশান্ত কিশোর এখন পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের ৬০টি নির্বাচনী এলাকার মধ্যে তিনটিতে প্রচার কৌশল প্রণয়নের কাজে ব্যস্ত। এলাকাগুলো হলো বারানসি, এলাহাবাদ ও গোরক্ষপুর। এরপর পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও নির্বাচনী প্রচার-কৌশল ঠিক করতে ব্যস্ত সময় কাটাবেন তিনি।

এ ব্যাপারে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনী মাঠে নামানোর দাবিটা এসব মিটিং থেকেই উঠতে পারে। আজ থেকে ১৩ মে পর্যন্ত বারানসি, এলাহাবাদ ও গোরক্ষপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কৌশল প্রণয়নে আলোচনা করবেন তিনি। এদিকে, উত্তরাখণ্ডে কংগ্রেসকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। উত্তর প্রদেশে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সুবিধা পেতে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.