আন্তর্জাতিক : সৌদি আরবকে কোন প্রকার গুচ্ছবোমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি সরকার ইয়েমেনের ওপর নির্বিচারে গুচ্ছবোমা হামলা চালাচ্ছে। এর ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর সে কারণেই সৌদি আরবের কাছে গুচ্ছবোমা বিক্রি করা হবে না। খবর এএফপি। যুদ্ধবিরোধী মার্কিন সংগঠনগুলো রবিবার ওবামার এ সিদ্ধান্তকে অভিনন্দন জানায়। এ ছাড়া সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তারা। ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত ‘হুথি’ শিয়া গোষ্ঠী। নিজেদের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারকে ক্ষমতায় রাখতেই সেখানে দেদারসে হামলা চালিয়ে আসছে সৌদি বাহিনী।
এ ব্যাপারে মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ‘সৌদি সরকারের সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধির অংশ হিসেবে তাদেরকে মিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হয়েছিল। কিন্তু সৌদি জোট ইয়েমেনের বেসামরিক অঞ্চলে এসব বোমা নির্বিচারে ব্যবহার করায় মার্কিন সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর কখনও এ ধরনের বোমা বিক্রি করা হবে না তাদের কাছে।’ তিনি আরো বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এক প্রতিবেদনে জানা যায়, গুচ্ছবোমা হামলায় ইয়েমেনে মানবাধিকার কর্মীসহ কয়েকশ’ নারী ও শিশু হত্যার ঘটনাটি সর্বপ্রথম মার্কিন কর্মকর্তাদের নজরে আসে। এর পরেই সৌদি আরবের ব্যাপারে টনক নড়ে যুক্তরাষ্ট্রের।

Comments are closed.