ঢাকা : রেলওয়ের সম্পত্তি চুরি বা অবৈধভাবে দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডের বিধান রেখে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ‘রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল, ২০১৬’শিরোনামের এই বিলটি উত্থাপন করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।
উত্থাপনের পর বিলে আপত্তি তুলে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, কিছুদিন আগে এই সংসদে রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণে, নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী গঠন, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা একটি আইন পাস হয়েছে। ওই আইনে সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় ইন বিল্ড কতগুলো ফরমুলা দেয়া আছে। সেই ফরমুলার সঙ্গে যে বাহিনী করা হচ্ছে তার মধ্যে সাংঘর্ষিক কিছু বিষয় আছে। একই বাহিনী দুই আইন দ্বারা চলতে পারে না। এজন্য তিনি স্পিকারের ভার্টিক এবং রুলিং দাবি করেন।
বিলটি যাচাই বাছাই করার জন্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। কমিটিকে ৩০ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
উত্থাপিত বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের অধীনে অপরাধ সংঘটন করতে সহায়তা করলে তাকে অনধিক ৫ বছরের কারাদন্ড বা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। কোনো ব্যক্তি এই আইনে অপরাধ করলে তা প্রতীয়মান হলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে।
রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইনটি মূলত ১৯৭৯ সালের। বাংলায় ভাষান্তরের বাধ্যবাধকতা থাকায় এ আইনটি নতুন করে আনা হয়েছে। নতুন আইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

Comments are closed.