নিজস্ব প্রতিবেদক : ছোট একটি কালভার্টের নিচে এক মরদেহের সন্ধান পেয়েছে ছোট্ট শিশুদের দল। ক্রিক্রেট খেলার বল কুড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানার আমবাগানের কেন্টিন গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, সকালে এখানে ছোট বাচ্চারা ক্রিক্রেট খেলছিল। খেলার সময় বল দেড় হাত দৈর্ঘ্য-এক হাত প্রস্থের ছোট কালভার্টটির নিচে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে কালভার্টের নিচে মরদেহটি দেখতে পায় শিশুরা। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের মরদেহটি পুলিশ এসে উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল। ফলে মরদেহের চুল চোখ সহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
তিনি বলেন, এ জায়গাটি পাহাড়ি এলাকা ও অন্ধকার থাকায় বাইরে থেকে কেউ মরদেহটি এনে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Comments are closed.