ঢাকা : ঈদের ছুটিতে থাকা শান্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৯৫ বছর পূর্তির শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে সকালের আনন্দময় পরিবেশ দুপুরেই বিক্ষোভপূর্ণ হয়ে উঠে। ভিসির গাড়ি ভাঙচুর, বাসভবনের গেটে তালা ও অবরোধের পর তার পদত্যাগে সময়সীমা বেঁধে দেয় ছাত্রলীগ। তাদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এ বিক্ষোভের সূত্রপাত করে ছাত্রলীগ। দিনভর বিক্ষোভ চলাকালে দুপুরে প্রশাসনিক ভবনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তার কক্ষে প্রায় এক ঘন্টা তালাবন্দি ও অবরুদ্ধ রাখে ছাত্রলীগ। জুমার নামাজের পর বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর ও তার বাসভবন অবরুদ্ধ করে তারা। এ আন্দোলনের মধ্যেই বিকালে সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও স্মরণিকার সদস্য সচিব সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর ছাত্রলীগ আন্দোলন স্থগিত করলেও কয়েক মিনিটের মধ্যেই আবারো বিক্ষোভে নামে এবং রাত আটটার মধ্যে আরেফিন সিদ্দিককে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে ভিসির বাসভবন ফের অবরোধ করে। এ সময় তারা জুতা প্রদর্শন করা থেকে শুরু করে বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেন।
বিকাল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসের প্রিন্স বলেন, আন্দোলন মূলতবি করে চলে গিয়েছিলাম কিন্তু পরে জানতে পেরেছি এর সঙ্গে ভিসি নিজেই জড়িত। এ কারণে আমরা আবার এসেছি। তিনি আরো বলেন, আমাদের এখন একটাই দাবি ভিসির পদত্যাগ। রাত আটটার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ ভিসি পদত্যাগ না করবেন ততক্ষণ আমরা আমরণ অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাব। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এদিকে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে রেজাউরকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্মরণিকায় লেখাটি রেজাউর রহমানের নিজের লেখা। যেহেতু এটি ভারপ্রাপ্ত রেজস্ট্রার ও স্মরণিকা কমিটির সদস্য সচিব রেজাউর রহমানের নিজের নামের লেখা, তাই এর দায়-দায়িত্ব লেখককে বহন করতে হবে। এ কারণে রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অবরোধ স্থগিতের ঘোষনার কয়েক মিনিটের মধ্যেই আবারো ছাত্রলীগের কর্মীরা ভিসির বাসভন অবরোধ করের ও বাসভবনের মূলফটকে তালা দেয়।

Comments are closed.