আন্তর্জাতিক : আজ বুধবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন তেরেসা মে। তিনি প্রথম নারী, যিনি ব্রিটেনে সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার শেষ বৈঠক করেন ছয় বছর ধরে ক্ষমতায় থাকা ক্যামেরন। এদিকে ইউরোপীয় ইউনিয়নসহ জোটের অন্যতম নেতারা আশা করছেন, তেরেসা মের নেতৃত্বে নতুন সরকার দ্রুতই ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করবে। খবর বিবিসি, এএফপি ও এনডিটিভির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের শেষ দিন ছিল গতকাল। ক্যামেরনের সভাপতিত্বে তার শেষ মন্ত্রিসভার বৈঠকে বিদায়ী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি জানান ভাবী প্রধানমন্ত্রী তেরেসা মে ও বিদায়ী অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। এর আগে ১০নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে ক্যামেরন বলেন, বুধবার সন্ধ্যায় আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। ক্যামেরন জানান, বুধবারই পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের পর রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র পেশ করবেন তিনি।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে রায় যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অক্টোবরে তার বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন বিদায় নিচ্ছেন আজই। প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রে লিডসম সরে দাঁড়ানোর ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায় যে, ক্যামেরনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে-ই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী।
আজ ১০নং ডাউনিং স্ট্রিটে বসছেন দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ১৯৯০ সালের ২২ নভেম্বর পদত্যাগ করেছিলেন দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তার পর দু’দশক পেরিয়ে গেছে। আর কোনো নারী প্রধানমন্ত্রী পায়নি ব্রিটেন। এবার টেরেসা সেই সুযোগই পেতে চলেছেন।

Comments are closed.