চট্টগ্রাম : ২০১৫-২০১৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ১২১ কোটি ১১ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে ৩১ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা। মক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮২১ কোটি টাকা কম। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার পেছনে অর্ধশতাধিক পণ্যের রাজস্ব কমে যাওয়া, ব্যাংক গ্যারান্টিতে জড়িত রাজস্ব পুরোপুরি আদায় না হওয়াকে কারণ হিসেবে দেখছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের তথ্য মতে, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮৬৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪০ কোটি টাকা কমে আদায় হয়েছে ২ হাজার ১২৩ কোটি টাকা। আগস্ট মাসে ২ হাজার ৩৪২ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ২ হাজার ১৯১ কোটি টাকা। সেপ্টেম্বর মাসে ২ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকার বিপরীতে ২১২ কোটি টাকা কমে আদায় হয়েছে ২ হাজার ৫৬৫ কোটি টাকা। অক্টোবরে লক্ষ্যমাত্রা ২ হাজার ৬২২ কোটি টাকা নির্ধারণ করা হলেও ১৪৮ কোটি টাকা কমে আদায় হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি টাকা।
নভেম্বরে লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৬২ কোটি টাকার বিপরীতে ২ হাজার ৪৪১ কোটি টাকা আদায় হয়েছে।তবে ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩৮ কোটি টাকা বেড়ে রাজস্ব আদায় হয়েছে ২ হাজার ৬৪৩ কোটি টাকা।
জানুয়ারিতে ২ হাজার ৮২৯ কোটি টাকার বিপরীতে ২ হাজার ৬১৫ কোটি, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫৭৭ কোটি টাকার বিপরীতে ২ হাজার ৬৯৪, মার্চে ২ হাজার ৬৭৬ কোটি টাকার বিপরীতে ২ হাজার ৭২০ কোটি, এপ্রিলে ৩ হাজার ২৪ কোটির বিপরীতে ২ হাজার ৫৮৭ কোটি, মে মাসে ২ হাজার ৯৫১ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার ৭৯ কোটি টাকা। সর্বশেষ গত জুন মাসে ৩ হাজার ৩৯৩ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৩ হাজার ১৬৫ কোটি টাকা।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হোসেন আহমেদ জানান, বিভিন্ন কারণে আগের লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে প্রায় দুই হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ কোটি বাড়তি আদায়।

Comments are closed.