জঙ্গিবাদ ও মৌলবাদের আস্তানা এদেশে হবেনা: মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সেজে, মুজিব কোট লাগিয়ে অনেকেই জঙ্গিবাদ ও মৌলবাদের ধ্বংসাত্মক কার্যক্রমে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। আজ (২১ জুলাই) বৃহস্পতিবার নগরীর শহীদ মিনার চত্বরে গুলসান-শোলাকিয়াসহ জঙ্গি হামলার প্রতিবাদে পূর্বঘোষিত ১৪ দলের পদযাত্রা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ সেজে যারা জঙ্গিদের, জামায়াত-শিবিরকে অর্থ সহায়তা দিচ্ছেন, গোপন আঁতাত করছেন তাদের তালিকা তৈরি করে পুলিশ কমিশনারকে দেওয়া হবে বলে জানান সাবেক এ মেয়র। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের ২১-২২ বছর বয়সী ছেলেদের মেডিসিন খাইয়ে বিপজ্জনক পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানদের হাতে আগুন দেবেন, তাদের নিয়ে চক্রান্ত করবেন, তাদের ইয়াবা খাওয়াবেন তা হবে না। আমরা জাতিকে ধ্বংস হতে দেবো না। তামাকুমণ্ডি লেন, জামতল, বরিশাল কলোনি, বিআরটিসি মার্কেট এলাকায় ইয়াবার আগ্রাসন বন্ধে পুলিশকে সাঁড়াশি অভিযান চালাতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদী কর্মসূচি আরম্ভ করেছি মাত্র। চক্রান্তকারীরা সাবধান হয়ে যাবেন। দলীয় ঐক্যে ফাটল নয়, ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। আমরা মাঠ ছাড়ছি না। আগামী রোববার (২৪ জুলাই) বিকেল তিনটায় বাদামতলী মোড়ের আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত পদযাত্রা হবে। ওয়ার্ড পর্যায়ে প্রথম ক্যাম্প হবে মুরাদপুরে।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মাঈনুদ্দিন, জাসদের কেন্দ্রীয় সদস্য ইন্দু নন্দন দত্ত, নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, ন্যাপ নগর শাখার যুগ্ম সম্পাদক মিঠুন দাশগুপ্ত, জাতীয় পার্টির (মঞ্জু) নগর আহ্বায়ক আজাদ দোভাষ, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের মানুষ আজ কঠিন সময় অতিক্রম করছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের যখন বিচার চলছে, সাজা হচ্ছে তখন পরাজিত শক্তি নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। তারা সরক‍ার বিরোধী ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের সঙ্গে ‍হাত মিলিয়ে, যোগসাজশ করে, আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা এ দেশে আস্তানা গড়তে চাইছে।

আবদুচ ছালাম বলেন, বায়ান্ন সাল থেকে ষড়যন্ত্রকারীরার একের পর এক ষড়যন্ত্র করে আসছে। কিন্তু বাঙালি ঐক্যবদ্ধ থাকায় ষড়যন্ত্রকারীরা বার বার পরাজিত হয়েছে। এবারও জনগণ রাস্তায় নেমে এসেছে জঙ্গিবাদ ও ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে।

সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন নগর আওয়ামী লীগ নেতা সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন বাচ্চু, বদিউল আলম, এমএ রশিদ, নোমান আল মাহমুদ, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রেড ক্রিসেন্টের ডা. শেখ শফিউল আজম প্রমুখ।

পদযাত্রায় নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের শরিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। লক্ষণীয় ছিল সরকারি সিটি কলেজ, এমইএস কলেজ, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশগ্রহণ। এ সময় তাদের হাতে ছিল লাঠি। মুখে ছিল স্লোগান। পদযাত্রাটি রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস হয়ে আবার শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.