চট্টগ্রাম বিমানবন্দরে চলছে অভিযান আইরিন

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ (২৩ জুলাই) শনিবার সকাল সাড়ে ৬টা থেকে এ অভিযান শুরু হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে একযোগে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিজিবি, র‌্যাব, কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশন সহযোগিতা করছে। বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চারটি ফ্লাইটে আসা যাত্রীদের কাছে কোন ধরনের অস্ত্র, বিস্ফোরক ও মাদক পাওয়া যায়নি বলে জনিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক এসএম শামীমুর রহমান।

গত সোমবার (১৮ জুলাই) থেকে দুইদিন বন্দর জেটিতে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। বন্দর, কাস্টমসসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরা অভিযানে সহায়তা করে। বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলার প্রেক্ষিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো বাংলাদেশেও চলছে কম্বিং অপারেশন আইরিন।

গত ৮ জুলাই থেকে বাংলাদেশে এ অভিযান শুরু হয়। মূলত দেশের বিমান, স্থল, নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালিত হচ্ছে। আজ (২৩ জুলাই) শনিবার এ অভিযান শেষ হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.