ঢাকা : ঢাকার হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে মালিকরা অযথা দেরি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৩১ জুলাাই) রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ঢাকার চার পাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করে আমরা এটাকে দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ট্যানারি স্থানান্তরে মালিকরা অযথা দেরি করছেন। বারবার বলা সত্ত্বেও নানা ছলছুতায় তারা দেরি করছেন। এটা করা ঠিক হচ্ছে না। তারা আরো দ্রুত ট্যানারি স্থানান্তর করলে হাজারীবাগের পরিবেশটা আবার ফিরে আসবে।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন ২০১৬, বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৫ ও ‘সামাজিক বনায়নের লভ্যাংশের চেক’ প্রদান করা হয়। পরে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি তেঁতুল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

Comments are closed.