চট্টগ্রাম : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার হওয়া পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আদালত মঙ্গলবার রিমাণ্ড আবেদনের উপর শুনানির সময় নির্ধারণ করেছেন। আজ সোমবার (০১ আগস্ট) বিকেলে পাঁচ সদস্যকে পতেঙ্গা থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশীদের আদালতে হাজির করে পুলিশ।
আদালত মঙ্গলবার রিমাণ্ড শুনানির সময় নির্ধারণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। রোববার (৩১ জুলাই) রাত পৌনে ১টায় নগরীর পতেঙ্গা থানার কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
এরা হল, মো.আক্কাছ আলী ওরফে জাহেদুল ইসলাম ওরফে নয়ন (২৩), মো.আতিকুল হাসান প্রকাশ ইমন (২৬), জামশেদুল আলম প্রকাশ হৃদয় (২১), মো.রুবেল (২৬) এবং মো.মহিউদ্দিন (১৮)।
এদের মধ্যে আক্কাছ ছাত্রশিবিরের সাথী। আক্কাছ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ গ্রামের আবুল খায়েরের ছেলে। সে বর্তমানে চট্টগ্রাম কলেজের ছাত্র। রুবেল রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আমির হামজার ছেলে। রুবেল একসময় সাউদার্ণ ইউনিভার্সিটিতে পড়লেও লেখাপড়া শেষ না করেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করে। আতিকুল হাসান নগরীর পাঠানটুলি এলাকার মো.ফেরদৌসের ছেলে। জামশেদুল আলম হাটহাজারী উপজেলার আমানবাজারের আব্দুর রহিমের ছেলে। মো.মহিউদ্দিন বান্দরবান জেলার লামা উপজেলার মো.ইসমাইলের ছেলে।
এরা তিনজন নগরীর তিনটি কলেজের শিক্ষার্থী। আটকের সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল সেট ও ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়।

Comments are closed.