চট্টগ্রামে সিএনজি ছিনতাইকারী চক্রের ২ আটক

0

নিজস্ব প্রতিবেদক : সিএনজি নিয়ে পালিয়ে যাওয়া এবং পরবর্তী ধাপে মালিকপক্ষের কাছে টাকা দাবি, আর টাকা পেলে সিএনজিকে ‘মুক্তি’ দেওয়া। নগরীতে এরকমই একটি চক্রের সন্ধান পেয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বায়েজিদের বেলতলা রুপনগর আবাসিক এলাকা থেকে এ চক্রের দু’সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা একটি সিএনজিও উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজন হলেন মো. রমজান আলী (২৩) ও মো. রুবেল (২৪)। এদের মধ্যে রমজানের বাড়ি কক্সবাজার জেলায় ও রুবেলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, এ চক্রের সদস্যরা যাত্রীবেশে সিএনজিতে উঠে পরে তা নিয়ে পালিয়ে যায়। এরপর সিএনজির মালিক থেকে টাকা নিয়ে তা ফেরত দেয়। বুধবার রাতে এ চক্রেরই তিনজন চান্দগাঁও রাস্তার মাথা থেকে আতুরের ডিপো যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা ভাড়া করে। পথে বায়েজিদ থানা এলাকায় নির্জন জায়গা দেখে একজন চালকের গলায় কাটার ধরে। বাকি দুজন চালককে লাঠি দিয়ে মারধর করে। এসময় তারা চালককে সিএনজি থেকে ফেলে দিয়ে তা নিয়ে পালিয়ে যায়। চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের আরেক সহযোগী মো. তুষার (৩০) পালিয়ে যায়। এসময় ছিনতাই হওয়া সিএনজিটিও (১১৯৯৯৪) উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.