চট্টগ্রাম : বন্দর নগরী মুরাদপুরে সড়ক নির্মাণের জন্যে অধিগ্রহণ করা ৩০ কাঠা জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু’র নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়।
খিন ওয়ান নু বলেন, সিডিএ অ্যাভেনিউর জন্যে ওই জায়গা সিডিএর অনুকূলে অধিগ্রহণ করা হয়েছিল অনেক আগে। ইতিমধ্যে অবৈদ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ আমরা জরিপ করে লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছিলাম অবৈধ দখলে থাকা ভূমি ও স্থাপনা। তারই ধারাবাহিকতায় ৪০ জন শ্রমিক ও বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আনুমানিক ৪০টি দোকানপাট গড়ে তোলা হয়েছে সিডিএর ওই জায়গায়। রোববার অর্ধেকের বেশি অংশ উচ্ছেদ করা হয়েছে। অনেকে নিজ উদ্যোগে স্থাপনার মূল্যবান অংশ ভেঙে নিয়ে গেছেন। বাকি অংশটুকু পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
