আন্তর্জাতিক : পাকিস্তানের বেলুচিস্তানের একটি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালে বোমা বিস্ফোরণে আরো অনেকে আহত হয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে বলেন, বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বেলাল আনোয়ান কাসির লাশের পাশে আইনজীবী ও সাংবাদিকরাসহ শোকাহতরা জড়ো হওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী এক বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি।
আহতদের মধ্যে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকারসহ বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জিও টিভিকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, কোয়েটায় আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে কাসিকে গুলি করা হয়।
এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, কাউকেই ওই অঞ্চলে শান্তি বিঘ্নিত
করতে দেয়া হবে না। বেলুচিস্তানের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছে বলে মন্তব্য করেন তিনি।
