বাজিমাত করলো হৃত্বিক-পূজার মহেঞ্জোদারো

0

বিনোদন : অনেকদিন ছবি নেই বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশনের। আগামী ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে হৃতিকের ছবি ‘মহেঞ্জোদারো’। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই ছবিটি নিয়ে এরইমধ্যে তোলপাড় চলছে বলিউড পাড়ায়। প্রকাশ হওয়া ছবির সবগুলো ভিডিও এবং গান নিয়ে পড়ে গেছে শোরগোল। ‘সুলতান’ আর ‘কাবালি’ হজম করে সবাই এখন এশিয়ার গ্রীক দেবতা বলে খ্যাত হৃত্বিককে পর্দায় দেখার জন্য প্রহর গুনছেন।

তবে শুরুতে কেউ কেউ বলছিলেন, ছবিটির বাজার ভালো যাবে না। এর নানা কারণ ও যুক্তিও তারা দেখিয়েছেন। সেই ধারনায় জল ঢেলে দিলো ‘মহেঞ্জোদারো’। ছবিটি মুক্তির আগেই ৭০ কোটি রুপি আয় করে নিয়ে তাক লাগিয়ে দিয়েছে।

জানা গেছে, এই ৭০ কোটি রুপির ৪৫ কোটি এসেছে স্যাটেলাইট স্বত্ব বিক্রির মাধ্যমে। বাকি ২৫ কোটি এনে দিয়েছে অস্কারজয়ী এ আর রাহমানের সুর করা গানগুলো। মুক্তির আগ পর্যন্ত হাতে আরো তিনদিন সময় পাচ্ছে ছবিটি। এই তিনদিনে আয়ের ঘরটা ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলেই বিশ্বাস ‘মহেঞ্জোদারো’ টিমের।

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ছবিটি তৈরিতে খরচ হয়েছে সর্বমোট ১২০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অর্ধেক টাকা উঠে আসায় আত্মবিশ্বাস তৈরি হয়েছে পরিচালকের মধ্যে। তিনি মুখ ফুটে গণমাধ্যমে বলেও ফেলেছেন, ‘নিন্দুকের ভয় করলে এত বড় বাজেটের ছবি নিয়ে আমি এগুতে পারতাম না। আমার এই সাফল্যের অনুপ্রেরণায় আছে আমার নিজের আত্মবিশ্বাস আর হৃত্বিকের মতো দুর্দান্ত একজন অভিনেতা। শুধু আমি কেন, পুরো বলিউডই হৃত্বিকের জন্য কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, হৃত্বিকের বিপরীতে এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী নায়িকা পূজা হেজের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.