ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে বাড়ছে ২০০ আসন

0

সিটিনিউজবিডি : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২০০ আসন বাড়ানো হচ্ছে।

সোমবার ঢাবি ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভর্তিচ্চু শিক্ষার্থীদের জন্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২০০ আসন বাড়ানো হয়েছে। এছাড়া নতুন একটি বিভাগ খোলা এবং তিনটি প্রোগ্রামও বাড়ানো হয়েছে। ভিসি বলেন, এর ফলে সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০০ তে।

তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি বিভাগ বাড়িয়েছি। তবে এবছর কার্যক্রম শুরু হবে একটির। এছাড়া জাপানিজ ও চাইনিজ ভাষা শিক্ষার ওপর দুটি প্রোগ্রাম বাড়নোর কথাও জানান উপাচার্য।

এদিকে ঢাবিতে ভর্তিচ্ছুরা সোমবার থেকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর খ-ইউনিট, ২৪ সেপ্টেম্বর চ-ইউনিট, ৩০ সেপ্টেম্বর গ-ইউনিট, ২১ অক্টোবর ক-ইউনিট, ২৮ অক্টোবর ঘ-ইউনিট এবং ১ অক্টোবর চ-ইউনিট (অংকন) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য আবেদন খরচ হবে ৩৫০ টাকা।
ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যোগ্যতার শর্তে বলা হয়, ক-ইউনিটে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট (এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট) থাকতে হবে।

খ-ইউনিটে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট থাকতে হবে।

গ-ইউনিটে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

ঘ-ইউনিটে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ১. (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট; (খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট; এবং (গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫ পয়েন্ট হতে হবে।

২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় সব বিষয়েই ন্যূনতম লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট ৩) থাকতে হবে।

চ-ইউনিটে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ যে কোনও একটি ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট ও উভয় পরীক্ষার জিপিএর যোগফল নূন্যতম ৬ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেডপ্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.