কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে লালদীঘির পশ্চিম পাড়ে পৌরসভার মার্কেট নির্মাণের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
দিঘিটি রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ ২২ আগষ্ট সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ দিঘির জলাশয়ের আয়তন ১ দশমিক ২৩ একর। রুলে ওই দিঘিতে নির্মাণকাজ বন্ধের ও জলাশয়টি সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
বিবাদীদের ভূমি ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পৌর মেয়রসহ নয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।
কক্সবাজার পৌরসভা মার্কেট নির্মাণের জন্য চলতি বছরের ১৩ জানুয়ারি দরপত্র আহ্বান করে। এরপরই মার্কেটের জন্য খননকাজ শুরু হয়। ১০ মে ওই দিঘিতে পিলার স্থাপন করলে এর কার্যক্রম বন্ধ করতে পৌর মেয়রকে পরিবেশ অধিদপ্তর চিঠি দেয়। এ অবস্থায় কক্সবাজার সোসাইটি বেলার কাছে আইনগত সহায়তা চায়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে রিট করা হয়। আজ শুনানি হয়।
বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
