সিটিনিউজবিডি : চট্টগ্রামে সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে এক চালকের ঘুষিতে প্রাণ হারিয়েছেন আরেকজন। নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানিয়েছেন। নিহতের নাম মো. সেলিম খান (৫৮)।এ ঘটনায় অপর চালককে গ্রেপ্তার করা হলেও তার নাম জানাতে পারেননি পরিদর্শক গিয়াস।
তিনি জানান, সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্যজনের ঘুষিতে মাটিতে পড়ে যান সেলিম।
গুরুতর আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক গিয়াস।
