সিটিনিউজবিডি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির মারা গেছেন। আজ ২২ আগষ্ট সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক মুনিরের বয়স হয়েছিল ৬২ বছর। দুই মেয়ে ও এক ছেলের বাবা মুনির ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
১৯৮২ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন আ ন ম মুনির। র্দীঘ র্কমজীবনে শিক্ষক সমিতির সভাপতি পদ ছাড়াও সিন্ডিকেট, সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ষদে দায়িত্ব পালন করেন তিনি।
উপাচার্য অধাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিরীন আখতার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য অধ্যাপক মুনিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ এবং আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামের বাড়িতে দুই দফা জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে অধ্যাপক মুনিরকে দাফন করা হবে।
