সিটিনিউজবিডি : রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) খুনিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে গ্রেফতার করতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ের রাস্তা অবস্থান নিয়েছে তারা। এতে ওই এলাকাসহ আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। এতে ওই এলাকার যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইল ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়।
টানা চার দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী ছিল।
এ ঘটনায় রমনা থানায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খানকে (২৯) আসামি করা হয়। পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।
