অনলাইন ডেক্স : অ্যালিস্টার কুকের নেতৃত্বে পূর্ণ শক্তির টেস্ট দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সহধর্মিনী অ্যালিস অন্তঃসত্ত্বা থাকার পরও দলের প্রয়োজনে সফরে আসছেন বলে জানিয়েছেন কুক।
ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের আশ্বাসের পরই তিনি সফরে থাকার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
তবে সফরে ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক ইয়ন মরগান আসবেন কি না বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরগান যদি বাংলাদেশ সফরে না আসেন তবে জো রুটকে অধিনায়কের জন্য একদিনের দলে ফিরিয়ে আনা হতে পারে। জস বাটলারও অধিনায়ক হবার সম্ভাবনা আছে।
পাকিস্তানের সঙ্গে টি২০ ম্যাচের পরেই বাংলাদেশ সিরিজে একদিনের স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড। তখন জানা যাবে দলের নেতৃত্বে কে আসছেন।
এদিকে জো রুট, বেন স্টোকস এবং মঈন আলিকে বাংলাদেশ সিরিজে তিন ম্যাচের একদিনের সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে। তবে টেস্ট দলে তাদের দেখা মিলবে বলে জানা গেছে।
