সিটিনিউজবিডি : চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনে প্রতিষ্ঠা করেছে একটি লাইব্রেরী। ফাষ্ট সিকিউরিটি ব্যাংক এবং রোটারী ক্লাব সুগন্ধ্যা’র চাটার্ড প্রেসিডেন্ট আবুল হাসনাত চৌধুরী’র আর্থিক সহযোগিতায় এ লাইব্রেরী প্রতিষ্ঠিত হলো। প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে নবপ্রতিষ্ঠিত লাইব্রেরীটি আজ ৩১ আগষ্ট বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ফলক উম্মোচন করে এবং ফিতা কেটে উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, অত্র মেডিকেল কলেজের প্রফেসর বিএমএ চট্টগ্রাম এর সভাপতি ডা. মোহাম্মদ মুজিবুল হক খান ও যুগ্ম সাধারন সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নাবিদ আনজুম তানভীর, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সংসদের জিএস আরমান উল্লাহ চৌধুরী এবং ছাত্রলীগের সাধারন সম্পাদক তারেকুল ইসলাম রাতিন সহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম বই এবং বইয়ের লাইব্রেরী। তিনি লাইব্রেরী প্রতিষ্ঠার বিষয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অবসর সময়ে লাইব্রেরীতে বসে বই পড়তে হবে। অলস সময় ব্যয় করা কোন শিক্ষার্থীর জন্য সমুচিত নয়। তিনি বলেন, যতই বই পড়বে ততই জ্ঞাণ অর্জিত হবে। অর্জিত জ্ঞান দেশের মানুষের চিকিৎসা সেবায় কাজে লাগাতে হবে। কারন একজন চিকিৎসক এর উপরই রোগীদের সুস্থ হয়ে উঠার একমাত্র ভরসা। অসুখ-বিসুখ সহ নানা দুর্ঘটনার কবলে পড়ে মানুষ আশ্রয় গ্রহণ করে ডাক্তারের কাছে। ডাক্তার তাঁর সর্বোচ্চ দক্ষতা, অভিজ্ঞতা ও সেবা দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি বিশ্বাস করেন একজন সফল ডাক্তার তাঁর পেশার মাধ্যমে নিঃস্ব, হতদরিদ্র ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে সর্বোচ্চ সেবার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এধরনের সেবায় বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ডাক্তাররা এগিয়ে এলে জাতির পিতার আত্মা শান্তি পাবে। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু’র আদর্শ ও দেশপ্রেম ধারন করার পরামর্শ দেন।
