জেসমিন, রান্নাঘর : বিরিয়ানি নামটা শুনলে কেমন জানি মুখে জল চলে আসে। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া অসম্ভাব। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা বলেন পাক্কি বিরিয়ানির কোন তুলনা হয় না। ঘরে খুব সহজে তৈরি করতে পারেন পাক্কি বিরিয়ানি। তাই আসুন দেখে নেওয়া যাক পাক্কি বিরিয়ানির রেসিপির প্রস্তুত প্রণালি।
যা লাগবে আপনার : বড় টুকরা করা খাসির মাংস ২ কেজি, পোলাও চাল ১ কেজি, ঘি আধা কাপ, তেল ১/৩ কাপ,ধনিয়া গুঁড়া ১ চা-চামচের বেশি, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জায়ফল (আস্ত) ১/৪ ভাগ, জয়ত্রি (আস্ত) অল্প, আলু আধা কেজি, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা ৩টি করে, পেঁয়াজ কুচি আধা কাপ,পেঁয়াজ বাটা আধা কাপ, টক দই আধা কাপ,আদা, রসুন বাটা ৪ টেবিল চামচ, পেঁয়াজ ভাজা ১ কাপ,কেওড়া জল ১ চা-চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ, আলুবোখারা ১২টি,মাওয়া আধা কাপ, পেস্তা, বাদাম ও কাজু কুচি ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ রং সামান্য, আটা পরিমাণমতো
প্রস্তুত প্রণালি : জায়ফল ১টি, জয়ত্রি ২ চা-চামচ, এলাচ ৫টি, দারুচিনি ৪ টুকরো, লবঙ্গ ৮টি, শুকনা মরিচ ৫টি, শাহী জিরা ২ চা-চামচ, সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ ১ চা-চামচ করে নিয়ে সব হালকা ভেজে গুঁড়া করে নিন।
খাসির মাংসে আস্ত জায়ফল, জয়ত্রি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টকদই, আদা-রসুন বাটা, ধনিয়া ও মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখুন। আলুতে রং মিশিয়ে বাদামি করে ভেজে রাখুন। হাঁড়িতে তেল গরম করে মাখানো মাংস দিন। ১০ মিনিট পর ১ চা-চামচ ভাজা গরম মসলা গুঁড়া ও ১ চা-চামচ গোলাপ
জল দিন। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস সিদ্ধ হয়ে তেল ভেসে উঠলে নামিয়ে রাখুন। প্রয়োজনে পানি দিন।
পোলাও চাল ধুয়ে ১০ মিনিট রাখুন। ১০ থেকে ১২ কাপ পানিতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ৩টি করে, লবণ ও ১ টেবিল চামচ ঘি দিন। পানি ফুটে উঠলে চাল দিয়ে ২/৩ মিনিট পর পাত্রে ঝরা দিন। ১ কাপ ঝরানো মাড়ের সাথে আধা কাপ ঘি মিশিয়ে রাখুন। যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবেন সে হাঁড়িতে রান্না করা মাংস বিছিয়ে দিন। ভাজা আলু মাংসের উপর সাজিয়ে একে একে পেঁয়াজ ভাজা অর্ধেক, পেস্তা, কাজু, কিসমিস, মাওয়া, আলুবোখারা ৬টি ও গরম মসলা গুঁড়া ৩ চা-চামচ ছড়িয়ে দিন। মাংসের ওপর চাল ছড়িয়ে দিন। এবার বাকি পেঁয়াজ ভাজা, পেস্তা, কাজু, কিসমিস, আলুবোখারা, মাওয়া ও মসলা গুঁড়া আরও ৩ চা-চামচ দিন। শেষে ঘি মেশানো মাড় চালের ওপর দিয়ে ঢেকে দিন।
আটা পানি দিয়ে গুলে নিন। হাঁড়ির মুখের ঢাকনা আটা দিয়ে বন্ধ করে দিন। হাঁড়ির ঢাকনার ওপর গরম পানির পাত্র বসিয়ে রাখুন। ২০ থেকে ২৫ মিনিট দমে রাখুন। পাক্কি বিরিয়ানি সালাদ ও বোরহানির সাথে পরিবেশন করুন।
