সিটিনিউজবিডি : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপ করে জারি করা দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার পৃথক রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর ফলে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর প্রদান করতে হবে না বলে জানিয়েছেন ২৫টি রিট আবেদনের কৌঁসুলি সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ২০০৭ সালের ২৮ জুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ও ২০১০ সালের ১ জুলাই রাজস্ব বোর্ড ওই প্রজ্ঞাপন দুটি জারি করে। এই প্রজ্ঞাপন দুটি সংবিধানের ১৫, ১৭, ২৭, ৩১, ৩২ অনুচ্ছেদের পরিপন্থী। এমনকি ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ (৪) (বি)–এর পরিপন্থী।
তিনি আরও জানান, ওই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে অর্থ দাবি করাও অবৈধ বলেছেন আদালত। যেসব অর্থ সংগ্রহ করা হয়েছে, সেগুলোও ফেরত দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হয়েছে।
