কিবরিয়া হত‌্যা মামলায় আরিফের জামিন বহাল

0

সিটিনিউজবিডি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আরিফুলকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, এক রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর আরিফুলের জামিন মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষ ওই রায় স্থগিতের আবেদন করলে বুধবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার তা শুনানির জন‌্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার শুনানি করে আপিল বিভাগ তার নিষ্পত্তি করে দিল।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ওই হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলাটির প্রথম দফার অভিযোগপত্রে আরিফুলের নাম না থাকলেও সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে তার নাম আসে। সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর মেয়র আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আরিফুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

এরপর থেকেই সিলেটের এই বিএনপি নেতা কারাগারে রয়েছেন। আদালতে গৃহীত অভিযোগত্রে নাম আসায় ২০১৫ সালের জানুয়ারিতে মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.