অনলাইন ডেক্স : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের এক বিপণি বিতানে গুলিবর্ষণে চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যারাত সাড়ে ৭টায় বার্লিংটনের ক্যাসকেড মলে এ ঘটনা ঘটেছে বলে সিএনএন জানিয়েছে।
গুলিবর্ষণের এই ঘটনায় পুলিশ অন্ততপক্ষে এক হামলাকারীকে ধরতে তল্লাশি শুরু করেছে বলে অঙ্গরাজ্যটির টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস এক টুইটে জানিয়েছেন।
বার্লিংটন ওয়াশিংটন অঙ্গরাজ্যের (রাজধানী ওয়াশিংটন নয়) প্রধান শহর সিয়াটল থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে।
সন্দেহভাজনকে ধরতে বিপণি বিতানটির প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সিস।
পুলিশ আসার আগেই গুলিবর্ষণকারী ঘটনাস্থল থেকে সরে পরে। গুলিবর্ষণকারী একজনই ছিল বলে ধারণা করছে পুলিশ।
টুইটারের ঘোষণায় ফ্রান্সিস বার্লিংটনের বাসিন্দাদের ‘ক্যাসকেড মল’ এলাকার বন্ধ করে দেওয়া রাস্তাগুলো দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
গুলিবর্ষণের ঘটনায় আহত এক ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মিনেসোটা অঙ্গরাজ্যের অপর এক বিপণি বিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বার্লিংটনের এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই।
