বিনোদন : চট্টগ্রামের হাটহাজারির হালদা নদীর পাড়ে তৌকীর আহমেদ নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র ‘হালদা’। তৌকীর আহমেদ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন। এতে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমেরাজ তিশা, মোমেনা চৌধুরী, শাহেদ আলী প্রমুখ।
বেশকিছু টিভি নাটকে একসাথে জুটি হয়ে কাজ করেছেন জাহিদ হাসান ও তিশা। তাদের অভিনীত নাটকগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলাভিশনে প্রচারিত ‘আরমান ভাই’ সিরিজের নাটকগুলো তাদের অনেক প্রশংসিত করেছে।
‘হালদা’ নির্মাণ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, যে বিষয়টিকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করছি তা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। অজ্ঞাতনামার পর হালদা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ।’ ‘হালদা’তে নাদের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। বদি চরিত্রে করিম এবং হাসু চরিত্রে অভিনয় করছেন তিশা।
নির্মাতা তৌকীর আহমেদ আরো উল্লেখ করে বলেন নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় উপেক্ষা করে শুটিং করা অনেক কষ্টের বিষয়। কিন্তু তারপরও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তিনি ‘হালদা’র কাজ বেশ ভালোভাবেই শেষ করছেন।
উল্লেখ্য, মোশাররফ করিম এর আগে তৌকীর আহমেদের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম জাহিদ হাসান ও তিশা চলচ্চিত্রে অভিনয় করছেন। এবারই প্রথম চলচ্চিত্রে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জাহিদ হাসান ও তিশা।
