সিটিনিউজবিডি : ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় আওয়ামী লীগ নেতা প্রভাষক সফিকুল আলমের নাম থাকায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
সরেজমিনে জানা গেছে, ৮নং নন্দুয়ার ইউনিয়নে বিধি মোতাবেক হতদরিদ্রের তালিকা প্রস্তুত করার কমিটি রয়েছে। সে কমিটির ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য ইয়াসিন আলীর মনোনীত প্রতিনিধি আওয়ামী লীগ নেতা প্রভাষক সফিকুল আলম। এ কমিটি ১৪২০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে। সে তালিকায় প্রভাষক সফিকুল আলমের নামও রয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু সুলতান বলেন, ‘আমি এ কমিটির মাত্র একজন সদস্য। আমার এখানে তেমন কোনো ক্ষমতা নেই, আমিও শুনেছি প্রভাষক সফিকুল আলমের নামে হতদরিদ্রদের তালিকায় রয়েছে।’
তালিকা প্রস্তুত কমিটির সচিব ও ইউনিয়ন পরিষদের সচিব সোহেলের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘তালিকা ছাড়া সঠিক তথ্য দেয়া যাচ্ছে না।’
হতদরিদ্রদের তালিকায় প্রভাবশালীদের নাম থাকা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ‘রবিবার কমিটির সভা ডেকে সফিকুল আলমের নাম প্রত্যহার করা হবে।’
