চতুর্থ সপ্তাহে নতুন ২৮ সিনেমা হলে আয়নাবাজি

0

বিনোদন : মুক্তির চতুর্থ সপ্তাহেও ‘আয়নাবাজি’ নিয়ে দর্শকদের মাতামাতি কমছে না, বরং বাড়ছে। গত ৩০ সেপ্টেম্বর সারা দেশের মাত্র ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’ ছবিটি। এটি রয়েছে আলোচনার শীর্ষে এবং দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাই চলতি সপ্তাহে দেশব্যাপী আরো ২৮টি সিনেমা হলে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে ‘আয়নাবাজি’ ছবিটি।

নির্মাতা অমিতাভ রেজা জানান, চতুর্থ সপ্তাহে এসেও কমেনি ছবিটির চাহিদা। বরং বেড়েছে। তাই নতুন করে আরো ২৮টি হলে মুক্তি পেল ‘আয়নাবাজি’। বর্তমানে ঢাকাসহ সারা দেশে মোট ৭২টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, চলতি সপ্তাহে তুলনামূলকভাবে জেলা শহরের হলগুলোতে দর্শকদের চাহিদাকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।

পরিচালক অমিতাভ রেজা পরিচালিত প্রথম ছবি ‘আয়নাবাজি’। ছবিটেতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, পার্থ বড়ুয়া, জামিল প্রমুখ। এছাড়া কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত এ ছবির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।

‘আয়নাবাজি’র প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামীতে ভারতের গোয়া রাজ্যে অনুষ্ঠিত ৪৭তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া’-এ প্রদর্শিত হবে ‘আয়নাবাজি’। এছাড়া আগামী ১০ নভেম্বর জার্মানিতে শুরু হচ্ছে ৬৫তম ‘মানহায়েম-হাইডেব্যার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আট শতাধিক ছবি থেকে বাছাই করে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে ‘আয়নাবাজি’। উৎসবের ‘ইন্টারন্যাশনাল ডিসকভারি’ বিভাগে দেখানো হবে ছবিটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.