সিটিনিউজবিডি : ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে কক্সবাজারের চকরিয়ায় যাওয়ার পথে চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হয়েছে দুই যুবক।
সোমবার (৩১ অক্টোবর) গভীর রাত ২টার দিকে তাদের নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেফতার হওয়া দুজন হল, কক্সবাজার জেলার টেকনাফের মো. ফরিদ প্রকাশ শাহীন (২১) এবং চকরিয়ার মো. হেলাল উদ্দিন (৩২)।
ওসি মহসিন বলেন, দুজনই পেশাদার মাদক বিক্রেতা। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা কিনে কক্সবাজারে নিয়ে তারা বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন মোড়ে ওয়াজেদ আলী এন্ড সন্স পেট্রল পাম্পের সামনে দুজনের কাছে থাকা দুটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার দাম আনুমানিক প্রায় এক লাখ টাকা বলে জানান ওসি।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
