আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ৫ বছরের শিশু সন্তান পূজাকে ধর্ষণের প্রতিবাদে আজ ২ নভেম্বর বুধবার দুপুর ২টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ‘‘ধর্ষক সাইফুলের ফাঁসি চাই ও সকল নারী নির্যাতনের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই’’ এই স্লোগানকে সামনে রেখে পার্বতীপুর ছাত্র একতা পরিষদের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বতীপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিনেস চন্দ্র রায়, শ্রী কৈলাশ চন্দ্র, অধ্যাপক আতাউর রহমান, পার্বতীপুর ছাত্র একতা পরিষদের আহবায়ক আহসান হাবিব নয়ন, পার্বতীপুর ছাত্র একতা পরিষদের সদস্য নাদিম মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা পার্বতীপুর প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, ঘটনার ২য় আসামী আফজালকে ৭ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে আমরা রাজপথে নামব।
উক্ত মানব বন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে, গত ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের মুন্সীর হোটেলের সামনে থেকে মোবাইল ফোন ‘ট্র্যাকিং’য়ের মাধ্যমে মুল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ২৫ অক্টোবর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সাইফুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে দিনাজপুর আমলী আদালত-৫ এর বিচারক কমল কৃষ্ণ রায় তা মঞ্জুর করেন।
