আবারো জরিপে এগিয়ে হিলারি

0

আন্তর্জাতিক : আর মাত্র তিনদিন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও জাতীয় জরিপে এখনো নিজের ‘এগিয়ে থাকা’ ধরে রেখেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপের প্রকাশিত ফলাফলে এমনটাই দেখা গেছে।
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এর মাত্র কয়েকদিন আগে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত করা এই মতামত জরিপে ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এই জরিপে দেখা গেছে, সপ্তাহজুড়ে হিলারি এগিয়ে থাকার পয়েন্ট ৪ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত উঠানামা করেছে। তবে অন্যান্য মতামত জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিচ্ছে।

এদিকে অঙ্গরাজ্যগুলো ধরে করা আলাদা জরিপে দেখা গেছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগের অবস্থান হারিয়েছেন হিলারি। রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা এবং মিশিগান অঙ্গরাজ্যে হিলারি আগের অবস্থান হারিয়েছেন এবং ট্রাম্পের সঙ্গে তার লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। এখান থেকেই নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, হিলারি না ট্রাম্প?

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.